মহাখালী টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

ঢাকা, ২৭ মে – পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। ঈদযাত্রার শেষ মুহূর্তে বুধবার সকাল থেকেই রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ও এর আশপাশের কাউন্টারগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হাজারো মানুষ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন।
সরেজমিনে দেখা গেছে, মহাখালী টার্মিনালের প্রতিটি পরিবহনের কাউন্টারের সামনে ছিল মানুষের দীর্ঘ সারি। বিশেষ করে ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী বাসগুলোর কাউন্টারে ভিড় ছিল সবথেকে বেশি। ঢাকা থেকে সিলেট, শেরপুর, মধুপুর, টাঙ্গাইল ও হালুয়াঘাটগামী যাত্রীদের টিকিট সংগ্রহের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক যাত্রী নির্ধারিত সময়ের অনেক আগেই কাউন্টারে এসে উপস্থিত হয়েছেন।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়ি ফেরার আনন্দ থাকলেও পথে ভোগান্তির শেষ নেই। ময়মনসিংহগামী যাত্রী আব্দুর রহমান জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট পেলেও পরিবারের সঙ্গে ঈদ করতে পারবেন ভেবে তিনি আনন্দিত। তবে বাসের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় নারী ও শিশুদের নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন অনেক যাত্রী।
এদিকে ঈদযাত্রার সুযোগে কিছু বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ যাত্রীরা। তাদের দাবি, ময়মনসিংহ ও টাঙ্গাইলগামী বেশ কিছু বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে একশ থেকে দেড়শ টাকা বেশি নেওয়া হচ্ছে। সাব্বির শেখ নামে এক যাত্রী অভিযোগ করেন, স্বাভাবিক সময়ের ৩০০ টাকার ভাড়া এখন ৪০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত রাখা হচ্ছে। যদিও কাউন্টার কর্তৃপক্ষ দাবি করেছে, তারা নির্ধারিত ভাড়াই নিচ্ছেন। মূলত কাউন্টার ছাড়া বাইরে থেকে কন্টাক্টে যাত্রী তোলার ক্ষেত্রে এমন অনিয়ম হতে পারে।
মহাখালী এলাকায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গেছে। পুলিশ, বিআরটিএর ভ্রাম্যমাণ টিম ও স্বেচ্ছাসেবকরা টার্মিনালে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন। অতিরিক্ত ভাড়া আদায় এবং যানজট নিরসনে তারা নিয়মিত তদারকি চালিয়ে যাচ্ছেন যেন সাধারণ মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারেন।
এস এম/ ২৭ মে ২০২৬









