জাতীয়

উত্তরায় মেট্রোরেলের নিচে পশুর হাট উচ্ছেদ, শৃঙ্খলা ফেরাতে পুলিশের কঠোর অবস্থান

ঢাকা, ২৬ মে – রাজধানীর উত্তরায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আয়োজিত দিয়াবাড়ি পশুর হাটে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগ। মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে অবৈধভাবে পশু বেঁধে রাখার ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে তা সরিয়ে দেওয়া হয়েছে।

পুলিশের এই তৎপরতার ফলে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন সবচেয়ে বড় ও সর্বোচ্চ ইজারামূল্যের এই হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক ও নৌপথে বিপুল সংখ্যক কোরবানির পশু আনা হয়েছে। বিশেষ করে বড় আকৃতির গরুর সমাগম ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

তবে হাটের নির্ধারিত সীমানার বাইরে প্রধান সড়ক ও মেট্রোরেল স্টেশনের নিচে পশু রাখায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। এই অবস্থায় উত্তরা বিভাগ সড়ক দখলমুক্ত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং মেট্রোরেলের নিচ থেকে পশু সরিয়ে ডাইভারশন তৈরির মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করে।

ডিএমপি আরও জানিয়েছে, পরবর্তী সময়ে হাটের ইজারাদারকে ঘটনাস্থলে ডেকে সতর্ক করে দেওয়া হয়েছে। সড়কে কোনোভাবেই পশু রাখা বা হাট বসানো যাবে না বলে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশ অমান্য করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা ও জরিমানা করা হবে বলেও জানানো হয়।

এস এম/ ২৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language