জাতীয়

গাবতলীর হাটে মাঝারি গরুর চাহিদা তুঙ্গে, লোকসানের শঙ্কায় বিক্রেতারা

ঢাকা, ২৬ মে – পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটে বেচাকেনা পুরোদমে জমে উঠেছে। তবে এবারের হাটে ক্রেতাদের মধ্যে দুই লাখ টাকার নিচের পশুর চাহিদা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে মধ্যবিত্ত ক্রেতারা নিজেদের সাধ্যের মধ্যে কোরবানির পশু সংগ্রহ করতে ভিড় করছেন।

বিক্রেতাদের দাবি অনুযায়ী,

গত বছরের তুলনায় পশুর দাম এবার অনেকটা কম।

সরেজমিনে দেখা গেছে,

রাজধানীর অন্যতম বৃহৎ এই হাটে ছোট ও মাঝারি সাইজের গরুর প্রতি ক্রেতাদের বিশেষ আগ্রহ রয়েছে। চার থেকে সাত মণ ওজনের পশুগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। মঙ্গলবার সকাল থেকেই এক লাখ ২০ হাজার থেকে দুই লাখ টাকার মধ্যের গরুগুলোর কেনাবেচা ছিল চোখে পড়ার মতো।

ক্রেতাদের ভিড় বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা পশু ব্যবসায়ী রবিউল হোসেন জানান, তিনি ২৭টি গরু নিয়ে হাটে এসেছিলেন যার মধ্যে ২০টি বিক্রি হয়েছে। তবে পশুখাদ্য ও পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় লাভের বদলে লোকসান হওয়ার আশঙ্কা করছেন তিনি।

একই চিত্র দেখা গেছে অন্যান্য বিক্রেতাদের ক্ষেত্রেও। তারা বলছেন বাজারে ক্রেতা থাকলেও বড় গরুর তুলনায় ছোট গরুই দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। ক্রেতারা জানান, সাধ্যের মধ্যে গরু খুঁজে পেতে তারা সকাল থেকেই বিভিন্ন পশুর হাটে ঘুরছেন। কেউ কেউ পছন্দের পশু কিনতে পেরে খুশি হলেও অনেকের মতে দামাদামি করে কিনতে হচ্ছে।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ পরিবারের পছন্দ ও বাজেট অনুযায়ী পশু সংগ্রহ করছেন। সামগ্রিকভাবে গাবতলী হাটে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এস এম/ ২৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language