চিলমারী সরকারি কলেজের তালা ভেঙে পশুর হাট, প্রশাসনের পরস্পরবিরোধী বক্তব্য

কুড়িগ্রাম, ২৫ মে – কুড়িগ্রামের চিলমারী সরকারি ডিগ্রি কলেজের ফটকের তালা ভেঙে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কোরবানির পশুর হাট বসানোর অভিযোগ উঠেছে। কলেজ কর্তৃপক্ষের দাবি, সরকারি নির্দেশনা ও প্রতিষ্ঠানের নিয়ম অমান্য করে জোরপূর্বক এই হাট বসানো হয়েছে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মজিবল হায়দার চৌধুরী জানান, গত রবিবার দুপুরে কলেজের ফটকের তিনটি তালা ভেঙে মাঠে বাঁশের খুঁটি গেড়ে হাটের কার্যক্রম শুরু করা হয়। কলেজের স্টাফ কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী হাট বসানোর অনুমতি দেওয়া হয়নি এবং বিষয়টি লিখিতভাবে স্থানীয় প্রশাসন ও পুলিশকে আগেভাগেই জানানো হয়েছিল।
অন্যদিকে হাট আয়োজক জিহাদ ফেরদৌস চমক দাবি করেছেন যে তারা জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি নিয়ে এবং জামানতের টাকা জমা দিয়েই এই হাট পরিচালনা করছেন। যদিও তিনি কোনো লিখিত নথি দেখাতে পারেননি।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ স্পষ্ট জানিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে হাট বসানোর কোনো অনুমোদন দেওয়া হয়নি এবং বিষয়টি আইনত দণ্ডনীয়।
এই ঘটনায় স্থানীয় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার জানান যে আয়োজকদের কাছে টাকা জমার রসিদ থাকায় তারা বিষয়টি সম্পর্কে অবগত আছেন।
এস এম/ ২৫ মে ২০২৬









