২০২৬ বিশ্বকাপ: যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোতে প্রস্তুতি নেবে ইরান

তেহরান, ২৪ মে – ইরানের ২০২৬ বিশ্বকাপ ফুটবল প্রস্তুতির পরিকল্পনায় বড় পরিবর্তন আনা হয়েছে। দেশটির ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিশ্বকাপ উপলক্ষে নির্ধারিত অনুশীলন ক্যাম্পটি যুক্তরাষ্ট্রের পরিবর্তে এখন মেক্সিকোতে অনুষ্ঠিত হবে।
ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ শনিবার এই সিদ্ধান্তের কথা প্রকাশ করেন। তিনি জানান, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অনুমোদনের মাধ্যমেই এই পরিবর্তন কার্যকর করা হয়েছে। শুরুতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসনের কিনো স্পোর্টস কমপ্লেক্সে ইরান দলের বেস ক্যাম্প হওয়ার কথা ছিল।
তবে মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়। মেহদি তাজ এক বিবৃতিতে জানিয়েছেন যে, ইস্তাম্বুলে ফিফা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং তেহরানে ফিফার মহাসচিবের সঙ্গে ভার্চ্যুয়াল আলোচনার পর এই অনুমোদন পাওয়া গেছে।
ইরানের নতুন বেস ক্যাম্প হবে মেক্সিকোর সীমান্ত শহর তিহুয়ানায়। শহরটি প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত এবং যুক্তরাষ্ট্রের খুব কাছে হওয়ায় যাতায়াত ও ভিসা সংক্রান্ত জটিলতা কম হবে বলে আশা করা হচ্ছে। এর আগে শোনা গিয়েছিল যে, ইরানি খেলোয়াড় ও কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তিতে বেশ বেগ পেতে হচ্ছিল।
২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী ১১ জুন টুর্নামেন্ট শুরু হয়ে চলবে ১৯ জুলাই পর্যন্ত। ইরান জি গ্রুপে নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিশরের বিপক্ষে লড়াই করবে। দলটি তাদের প্রথম দুটি ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে এবং শেষটি খেলবে সিয়াটলে।
এস এম/ ২৪ মে ২০২৬









