অন্যান্য

নারী কাবাডি ও হকি দলকে অর্ধ কোটি টাকার অর্থ পুরস্কার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা, ২৩ মে – চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ পদক জয়ী বাংলাদেশ নারী কাবাডি দলকে আর্থিক পুরস্কার প্রদান করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

শনিবার বিমানবাহিনীর ফ্যালকন হলে আয়োজিত এক অনুষ্ঠানে নারী কাবাডি দলের সদস্য এবং কোচিং স্টাফদের প্রত্যেককে এক লাখ টাকা করে পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া একই অনুষ্ঠানে হকি দলের খেলোয়াড়দেরও আর্থিক সম্মাননা দেওয়া হয়েছে। সব মিলিয়ে উভয় দলের মাঝে মোট অর্ধ কোটি টাকার চেক তুলে দেন প্রতিমন্ত্রী।

কাবাডি খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন যে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণের মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী খেলা কাবাডিকে এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর। তিনি খেলোয়াড়দের নিজেদের সরঞ্জামের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে নিজের খেলোয়াড়ী জীবনের অভিজ্ঞতা বিনিময় করেন।

পুরস্কার গ্রহণ করে নারী কাবাডি দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক বলেন যে এই সম্মাননা তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে তারা দেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনতে নিরলস পরিশ্রম করবেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহসভাপতি ও আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এবং কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

এনএন/ ২৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language