ঈদুল আযহা উপলক্ষে বিআইডব্লিউটিএর বিশেষ লঞ্চ সার্ভিস চালুর ঘোষণা

ঢাকা, ২৩ মে – পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিশেষ লঞ্চ সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে যে যাত্রীদের অতিরিক্ত ভিড় এড়াতে ঢাকা নদীবন্দরের আওতাধীন বছিলা ব্রিজ সংলগ্ন লঞ্চঘাট থেকে ৬টি নৌপথে মোট ১২টি লঞ্চ চলাচল করবে। একই সাথে ঘোড়াশাল নদীবন্দরের শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকেও লঞ্চ ও ফেরি সেবা পাওয়া যাবে।
বছিলা লঞ্চঘাট থেকে সকাল ৬টা ৪৫ মিনিটে বছিলা সদরঘাট ও হাকিমুদ্দিন রুটে এমভি টিপু এবং এমভি টিপু ৬ নিয়মিত চলাচল করবে। সকাল ৮টা ৪৫ মিনিটে চাঁদপুর রুটে এমভি ইমাম হাসান ২ এবং এমভি ইমাম হাসান ৫ চলবে।
এছাড়া সকাল ১১টায় শৌলা, মুধারহাট ও মুলাদী রুটে এমভি জামাল ১ বিশেষ সার্ভিস হিসেবে ২৪ মে থেকে ২৭ মে পর্যন্ত সেবা দেবে। দুপুর ১২টায় গলাচিপা রুটে এমভি শরীয়তপুর ৩ এবং এমভি মিতালী ৫ বিশেষ ট্রিপ হিসেবে চলাচল করবে। বিকেল ৩টা ৩০ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে এমভি সোনারতরী ৪ এবং বিকেল ৪টায় বরিশাল ও নন্দিবাজার রুটে নিয়মিতভাবে এমভি তরঙ্গ ১, এমভি মর্নিংসান ৫ এবং এমভি আচল ৬ যাত্রা করবে।
সন্ধ্যা ৬টায় বছিলা সদরঘাট থেকে ইলিশা রুটে এমভি ইয়াদ ১ রওনা দেবে। অন্যদিকে শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে সকাল ৭টায় চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট রুটে এমভি নাড়িয়া ৭ চলাচল করবে।
সকাল ৮টায় হরিণা ফেরিঘাট ও ইলিশা রুটে কার্নিভাল ১ এবং কার্নিভাল ওয়েভ ফেরি চলাচল করবে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে এই বিশেষ সেবা যাত্রীদের ঈদ যাত্রা আরামদায়ক ও নিরাপদ করতে সহায়ক হবে।
এস এম/ ২৩ মে ২০২৬









