দহগ্রাম সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির কঠোর বাধায় কাজ বন্ধ

লালমনিরহাট, ২৩ মে – লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে তিনবিঘা করিডোর এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের অবৈধভাবে খুঁটি স্থাপনের চেষ্টা পণ্ড করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। শুক্রবার সন্ধ্যায় বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে শূন্যরেখার কাছে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্দেশ্যে বাঁশের খুঁটি বসাতে শুরু করলে বিজিবি সদস্যরা এতে জোরালো বাধা দেন।
একপর্যায়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা অস্ত্র তাক করে মুখোমুখি অবস্থান নিলে সীমান্তে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজিবি সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দহগ্রাম ইউনিয়নের তিনবিঘা করিডোর সীমান্তের শূন্যরেখার কাছে পরিমাপ শুরু করে বিএসএফ। এ সময় তারা ৩ থেকে ৪ ফুট উচ্চতার বাঁশের খুঁটি স্থাপন করতে থাকে।
কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বিএসএফের এমন কর্মকাণ্ডে পানবাড়ী কোম্পানির বিজিবির কমান্ডার সুবেদার সোলেমান আলী টহল দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ জানান। বিএসএফ সেই আপত্তি উপেক্ষা করে কাজ চালিয়ে যেতে চাইলে বিজিবি কঠোর সতর্কবার্তা দিয়ে রণপ্রস্তুতি গ্রহণ করে।
প্রায় ৪ থেকে ৫টি সেকশনে বিভক্ত হয়ে বিজিবি সদস্যরা ভারী অস্ত্রসহ প্রতিরোধমূলক অবস্থান নিলে বিএসএফও পাল্টা অবস্থান নেয়। সীমান্তে যুদ্ধংদেহী পরিস্থিতি সৃষ্টি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে জরুরি টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়।
বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান এবং ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ভিনোদ রেধুর মধ্যে আলোচনার পর বিএসএফ বিতর্কিত কাজ স্থগিত করার আশ্বাস দেয়। এরপর রাত ৮টা ১৫ মিনিটের দিকে উভয় বাহিনীর সদস্যরা নিজ নিজ ক্যাম্পে ফিরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
দহগ্রাম ইউনিয়নের বাসিন্দা মনিরুজ্জামান মনির জানান, বিএসএফ সদস্যরা হঠাৎ করেই বেড়া দেওয়ার কাজ শুরু করেছিল। বিজিবির অনড় অবস্থানের কারণে তারা পিছু হটতে বাধ্য হয়েছে।
এ বিষয়ে বিজিবি ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বলেন, সীমান্ত আইন অমান্য করে বিএসএফ কোনো কাজ করলে বিজিবি তা মেনে নেবে না। উদ্ভূত পরিস্থিতি নিয়ে শনিবার পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ তাতে সাড়া দেয়নি। তবে বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক রয়েছে।
এস এম/ ২৩ মে ২০২৬









