নজরুলজয়ন্তী ও খাল পুনঃখনন কর্মসূচিতে অংশ নিতে ত্রিশালে প্রধানমন্ত্রী

ময়মনসিংহ, ২৩ মে – জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন এবং খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে ময়মনসিংহের ত্রিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফরসঙ্গীদের নিয়ে সড়কপথে তিনি রওনা হন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন এবং সরকারি নজরুল একাডেমি মাঠের ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রীকে বরণ করতে ত্রিশালের নজরুল মঞ্চ ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে পুরো মঞ্চ ও আশপাশের এলাকা নান্দনিকভাবে সাজানো হয়েছে। আলোকসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থায় অনুষ্ঠানস্থলে এক নতুন আমেজ সৃষ্টি হয়েছে।
রাষ্ট্রীয় কর্মসূচির পাশাপাশি বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তাঁর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
এস এম/ ২৩ মে ২০২৬









