জাতীয়

পাটগ্রাম সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা নস্যাৎ করল বিজিবি

লালমনিরহাট, ২২ মে – লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে জিরো লাইনে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি ৫১ ব্যাটালিয়নের তীব্র প্রতিবাদ ও কঠোর অবস্থানের মুখে তারা সেসব খুঁটি সরিয়ে নিতে বাধ্য হয়।

গত বৃহস্পতিবার সকালে কুচলিবাড়ী ইউনিয়নের কলসির মুখ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায় বিএসএফের একটি দল নিয়মবহির্ভূতভাবে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা করলে বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে বাধা প্রদান করে। বিজিবির পক্ষ থেকে ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়।

বিজিবির এমন অনড় অবস্থানের পরিপ্রেক্ষিতে বিএসএফ সদস্যরা তাদের ভুল স্বীকার করেন এবং খুঁটিগুলো সরিয়ে নেন। তবে নতুন করে শুক্রবার বিকেল থেকে দহগ্রাম সীমান্তে বিএসএফ আবারও একই ধরনের কার্যক্রম চালানোর চেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে সীমান্তে বিএসএফ প্রায়ই এ ধরনের চেষ্টা চালায় এবং বিজিবির সতর্ক অবস্থানের কারণে তারা পিছু হটে।

দহগ্রাম এলাকায় বর্তমানে বিএসএফের কার্যক্রমের ওপর বিজিবি কড়া নজরদারি রাখছে।

এনএন/ ২২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language