জাতীয়

র‍্যাব আগের মতো থাকছে না, হতে পারে নাম পরিবর্তন: তথ্য উপদেষ্টা

ঢাকা, ১৯ মে – র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব বর্তমান কাঠামোতে আর থাকছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন। র‍্যাব বিলুপ্তির দাবি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন যে গতকাল র‍্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী র‍্যাবের জন্য নতুন একটি আইনের ঘোষণা দিয়েছেন।

তিনি উল্লেখ করেন যে র‍্যাব এখন থেকে আর আগের রূপে থাকছে না। এত দিন র‍্যাব পুলিশ ব্যাটালিয়নের একটি বিশেষ অপশনের অধীনে কাজ করে আসছিল কিন্তু এখন একটি পূর্ণাঙ্গ আইন তৈরি করা হচ্ছে। এই নতুন আইনের মাধ্যমে র‍্যাবের সব কার্যক্রম ও এখতিয়ার আরও সুসংজ্ঞায়িত হবে।

বিএনপি র‍্যাব বিলুপ্তির যে দাবি জানিয়েছিল তার প্রেক্ষিতে তিনি বলেন যে এক অর্থে র‍্যাব আর আগের মতো থাকছে না এবং বাহিনীটির নামও সম্ভবত পরিবর্তিত হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী এই নতুন আইনটি প্রণয়নের জন্য অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছেন বলেও জানান উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

এস এম/ ১৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language