জাতীয়

চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে বসছে ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম

ঢাকা, ১৯ মে – চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বড় সরকারি হাসপাতালগুলোতে সেন্ট্রাল ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম বা পাগলা ঘণ্টা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন,

প্রাথমিক পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এই বিশেষ ব্যবস্থা কার্যকর করা হবে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই পরিকল্পনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে অনুদান হিসেবে প্রাপ্ত ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে কোনো অনাকাঙ্ক্ষিত বা জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত নিরাপত্তা সহায়তা পাওয়ার লক্ষ্যে কোড ব্লু বা ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া মহাখালী এলাকায় অবস্থিত স্বাস্থ্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা নিশ্চিতে সেখানে আলাদা পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনাও সরকারের রয়েছে।

চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী আরও জানান,

দেশের ১০টি জেলা সদর হাসপাতালের আইসিইউ ইউনিটের জন্য একটি করে শিশু ভেন্টিলেটর বরাদ্দ করা হয়েছে। আসন্ন ঈদুল আযহার পরবর্তী এক সপ্তাহের মধ্যে এসব ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এস এম/ ১৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language