জাতীয়

বাজারে এলো নতুন ডিজাইনের ৫ টাকার নোট: থাকছে বৈচিত্র্যময় গ্রাফিতি

ঢাকা, ১৯ মে – নতুন নকশা ও আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ৫ টাকা মূল্যমানের নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার থেকেই কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোট সংগ্রহ করা যাচ্ছে। পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শাখা অফিস থেকেও এই নতুন নোট ইস্যু করা হবে।

অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের স্বাক্ষর সংবলিত এই নোটটির দৈর্ঘ্য ১১৭ মিলিমিটার এবং প্রস্থ ৬০ মিলিমিটার। নোটের সম্মুখভাগের বাম পাশে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদের ছবি এবং মাঝখানের ব্যাকগ্রাউন্ডে জাতীয় ফুল শাপলার ছবি যুক্ত করা হয়েছে।

নোটের উল্টো পিঠে গ্রাফিতি ২০২৪ এর প্রতিচ্ছবি স্থান পেয়েছে। নিরাপত্তা বৈশিষ্ট্যের বিষয়ে জানানো হয়েছে যে, এতে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ এবং এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ হিসেবে ৫ সংখ্যাটি রয়েছে। এ ছাড়াও এতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম ব্যবহার করা হয়েছে।

হালকা গোলাপী রঙের আধিক্য থাকা এই নোটের বাম দিকে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা রয়েছে। নোটটি আলোর বিপরীতে ধরলে উভয় দিক থেকেই এই সুতা স্পষ্টভাবে দেখা যায়। নোটটির সম্মুখভাগের নিচের অংশে মাইক্রোপ্রিন্ট পদ্ধতিতে অত্যন্ত সূক্ষ্মভাবে BANGLADESH শব্দটি লেখা হয়েছে।

নতুন এই নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল ৫ টাকার কাগুজে নোট ও ধাতব মুদ্রা বাজারে সচল থাকবে। এ ছাড়াও মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ নমুনা নোট মুদ্রণ করা হয়েছে, যা মিরপুরের কারেন্সি মিউজিয়াম থেকে নির্দিষ্ট মূল্যে সংগ্রহ করা যাবে।

এস এম/ ১৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language