বাগেরহাট

বাগেরহাটে নজর কাড়ছে ১০টি একই রকম ফ্রিজিয়ান গরু

বাগেরহাট, ১৮ মে – আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় একটি ব্যতিক্রমী গরুর খামার সাধারণ মানুষের নজর কেড়েছে। উপজেলার শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম একই জাত, রঙ ও আকৃতির ১০টি ফ্রিজিয়ান গরু নিয়ে এই খামার গড়ে তুলেছেন।

গরুগুলোর ওজন বর্তমানে প্রায় ৬ থেকে ৮ মণের মধ্যে। একই ধরনের গঠন ও রঙের কারণে গরুগুলোকে দেখতে প্রায় অভিন্ন মনে হয়। এ কারণে প্রতিদিন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে ক্রেতা ও দর্শনার্থীরা খামারটি দেখতে ভিড় করছেন। খামারি শহিদুল ইসলাম জানান, তিনি গত তিন বছর ধরে গরু মোটাতাজাকরণ করছেন।

কোরবানির ঈদ সামনে রেখে দুই বছর আগে জেলার বিভিন্ন হাট থেকে বেছে একই রঙ ও গড়নের এই গরুগুলো সংগ্রহ করেছিলেন। সে সময় প্রতিটি গরু প্রায় ১ লাখ ২০ হাজার টাকা দরে কেনা হয়েছিল। বর্তমানে খামারের ৯টি গরু বিক্রির জন্য প্রস্তুত রয়েছে এবং একটি গরু তিনি নিজের কোরবানির জন্য রাখবেন।

প্রতিটি গরুর সম্ভাব্য দাম ৪ লাখ থেকে ৬ লাখ টাকা হতে পারে বলে তিনি আশা করছেন। গরুগুলো দেখতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, তারা একসঙ্গে এতগুলো একই রকম গরু আগে কখনও দেখেননি।

গরু কিনতে আসা ব্যাপারীরাও পশুর পরিচর্যা ও স্বাস্থ্যের প্রশংসা করেছেন। বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ছাহেব আলী বলেন, শহিদুল ইসলাম একজন অভিজ্ঞ খামারি। জেলায় এবার চাহিদার তুলনায় পর্যাপ্ত গবাদিপশু প্রস্তুত রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

এস এম/ ১৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language