দেশের ৭ জেলায় মৃদু তাপপ্রবাহের পূর্বাভাস, বাড়বে রাতের তাপমাত্রা

মাদারীপুর, ১৮ মে – দেশের মাদারীপুর, রাজশাহী, পাবনা, লক্ষ্মীপুর, খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার প্রকাশিত এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,
আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা সম্পর্কে আবহাওয়া অফিস জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
একই সাথে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
সিনপটিক অবস্থার বর্ণনায় বলা হয়েছে, লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার কয়রায় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে রংপুরে যা পরিমাণে ৮০ মিলিমিটার।
এস এম/ ১৮ মে ২০২৬









