আবারও পিছিয়ে গেল বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতির মামলার শুনানি

তেল আবিব, ১৮ মে – ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার পূর্বনির্ধারিত একটি শুনানি আবারও স্থগিত করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে জানানো হয়েছে যে বিবাদীপক্ষের জরুরি আবেদনের প্রেক্ষিতে সোমবার সকালের শুনানি বাতিল করে আদালত।
নেতানিয়াহুর আইনজীবীদের দাখিল করা আবেদনে শুনানি অবিলম্বে স্থগিতের অনুরোধ জানানো হয়। সেখানে অনুপস্থিতির কারণ হিসেবে গোপনীয় নিরাপত্তা ও রাজনৈতিক বিষয় উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য একটি সিলগালা খামের মাধ্যমে বিচারক ও রাষ্ট্রপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে আদালতকে জানানো হয়।
২০২০ সাল থেকে শুরু হওয়া এই বিচার প্রক্রিয়ায় ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তিনটি পৃথক মামলা রয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে নেতানিয়াহু প্রথমবার আদালতে সশরীরে উপস্থিত হন। তবে এর পর থেকে জেরা ও শুনানি প্রক্রিয়া দফায় দফায় বিঘ্নিত হচ্ছে।
এর আগেও যুদ্ধকালীন পরিস্থিতি এবং কূটনৈতিক ব্যস্ততার অজুহাতে ডিফেন্স টিম একাধিকবার শুনানি পেছানোর আবেদন করেছিল যা আদালত মঞ্জুর করে। এদিকে সমালোচকরা অভিযোগ করেছেন যে নেতানিয়াহু বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করতে আঞ্চলিক ভূ-রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতিকে ঢাল হিসেবে ব্যবহার করছেন।
এস এম/ ১৮ মে ২০২৬









