পিরোজপুরে উদ্ধার হওয়া ২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হস্তান্তর

পিরোজপুর, ১৮ মে – পিরোজপুরে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। সোমবার দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল ফোন হস্তান্তর করা হয়।
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন। পুলিশ সুপার জানান, জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া বা সাইবার পেট্রোলিং শাখা এই উদ্ধার অভিযান পরিচালনা করেছে।
জেলার বিভিন্ন থানায় মোবাইল ফোন হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরি পর্যালোচনার ভিত্তিতে দেশের বিভিন্ন স্থান থেকে এসব ফোন উদ্ধার করা হয়। পরিসংখ্যান অনুযায়ী, পিরোজপুর সদর থানা এলাকা থেকে ১টি, জিয়ানগর থানা থেকে ৩টি, মঠবাড়িয়া থানা থেকে ১০টি, নাজিরপুর থানা থেকে ৮টি, নেছারাবাদ থানা থেকে ২টি এবং ভান্ডারিয়া থানা থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিং সংক্রান্ত অপরাধের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ দমনে জেলা পুলিশের সাইবার টিম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি সাধারণ মানুষকে অপরিচিত নম্বরে ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার না করার জন্য বিশেষভাবে সতর্ক করেন। এছাড়া প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন তিনি।
এস এম/ ১৮ মে ২০২৬









