আফ্রিকা

তিউনিসিয়া ও তুরস্কে ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে

তিউনিস, ১৭ মে – পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। দেশ দুটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ২৭ মে সেখানে ঈদুল আজহা উদযাপিত হবে। গালফ নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, তিউনিসিয়াই বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা প্রদান করেছে।

আরবি বর্ষপঞ্জি অনুসারে আগামী ১৮ মে সোমবার থেকে জিলহজ মাস শুরু হওয়ার কথা রয়েছে। সেই হিসেবে জিলহজ মাসের ১০ তারিখে অর্থাৎ ২৭ মে ঈদুল আজহা পালিত হবে। তুরস্ক সাধারণত চাঁদ দেখার ওপর নির্ভর না করে বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ধর্মীয় উৎসবের তারিখ নির্ধারণ করে থাকে।

অন্যদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে ঈদুল আজহার তারিখ রোববার সন্ধ্যায় চূড়ান্তভাবে জানা যাবে।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হিজরি ১৪৪৭ সালের ২৯ জিলকদ অর্থাৎ রোববার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। সেখানে জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঈদের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

এস এম/ ১৭ মে ২০২৬

Back to top button
🌐 Read in Your Language