চাঁদপুর

চাঁদপুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন তারেক রহমান

চাঁদপুর, ১৬ মে – পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী নদী ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তিতে একটি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় অবস্থিত খোর্দ্দ খাল পুনঃখনন কাজের মধ্য দিয়ে তিনি এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।

বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জলাধার সংরক্ষণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা উল্লেখ করা হয়। এই কর্মসূচির আওতায় শাহরাস্তি উপজেলার প্রায় সাড়ে ১৩ কিলোমিটার দীর্ঘ খোর্দ্দ খালটি পুনরায় খনন করা হবে।

এর আগে ঢাকা থেকে সড়কপথে কুমিল্লা হয়ে চাঁদপুরে পৌঁছান তারেক রহমান। কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর এলাকায় একটি পথসভায় বক্তব্য দেওয়ার পর তিনি শাহরাস্তিতে আসেন। অনুষ্ঠানে চাঁদপুর পাঁচ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক সভাপতিত্ব করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, শাহরাস্তির কর্মসূচি শেষে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট বিশ্বখাল পুনঃখনন কার্যক্রমেরও উদ্বোধন করবেন তিনি।

ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে জানা যায়, ১৯৭৭ থেকে ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশজুড়ে এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। সে সময় তিনি সশরীরে উপস্থিত হয়ে খোর্দ্দ খাল খনন কাজে অংশ নিয়েছিলেন। দীর্ঘ ৪৮ বছর পর তাঁরই উত্তরসূরি তারেক রহমানের হাত ধরে পুনরায় এই খালের খনন কাজ শুরু হলো।

এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ২৪১ হেক্টর কৃষিজমি চাষাবাদের আওতায় আসবে এবং সরাসরি উপকৃত হবে ২ হাজার ৭৮৮টি কৃষক পরিবার। সেচ সুবিধা বৃদ্ধির পাশাপাশি মৎস্য চাষের সুযোগ সৃষ্টি হওয়ায় স্থানীয় গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা করছেন সংশ্লিষ্টরা। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে চাঁদপুর ও আশপাশের এলাকায় সাধারণ মানুষ ও দলীয় নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

এস এম/ ১৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language