এশিয়া

হরমুজ প্রণালি নিয়ে মার্কিন খসড়া প্রস্তাবের তীব্র বিরোধিতা করল চীন

বেইজিং, ১৬ মে – হরমুজ প্রণালি ঘিরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ উদ্যোগে উত্থাপিত খসড়া প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে চীন। বেইজিংয়ের পক্ষ থেকে এই প্রস্তাবের বিষয়বস্তু এবং সময় নির্বাচনকে অনুপযুক্ত বলে আখ্যা দেওয়া হয়েছে। চীনের ভাষ্য অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে এই ধরণের পদক্ষেপ সংকট সমাধানের পরিবর্তে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।

জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু চং জানান যে হরমুজ পরিস্থিতি নিয়ে একপেশে অবস্থান গ্রহণ করে কোনো প্রস্তাব পাস করা হলে তা হিতে বিপরীত হতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে এখন সবচেয়ে জরুরি বিষয় হলো সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা। মার্কিন যুক্তরাষ্ট্র ও বাহরাইন সমর্থিত এই খসড়া প্রস্তাবে মূলত ইরানের প্রতি হরমুজ প্রণালিতে সামরিক হামলা ও মাইন স্থাপন বন্ধের আহ্বান জানানো হয়েছে।

তবে কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা এই প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ নিরাপত্তা পরিষদে ভোটাভুটির আয়োজন করা হলে সেখানে রাশিয়া ও চীনের পক্ষ থেকে ভেটো প্রদানের জোরালো সম্ভাবনা রয়েছে। এর আগেও গত মাসে প্রায় একই ধরণের একটি মার্কিন সমর্থিত প্রস্তাবের বিরুদ্ধে চীন ও রাশিয়া ভেটো দিয়েছিল।

তখন দেশ দুটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে প্রস্তাবের ভাষা ছিল একপেশে এবং তা কেবল ইরানের ওপর দায় চাপানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। জাতিসংঘ বিষয়ক সংবাদমাধ্যম পাসব্লু তে প্রকাশিত এক সাক্ষাৎকারে ফু চং বলেন যে তারা মনে করেন না এই প্রস্তাবের বিষয়বস্তু সঠিক।

এমনকি এর জন্য নির্ধারিত সময়টিও মোটেও অনুকূল নয়। তিনি সতর্ক করে দিয়ে বলেন এই জটিল মুহূর্তে তড়িঘড়ি কোনো প্রস্তাব পাস করলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সব পক্ষকে আন্তরিক কূটনৈতিক সংলাপে উৎসাহিত করা।

চীনের এমন কঠোর অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি ঘিরে ভূ রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। একইসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পরাশক্তিগুলোর মধ্যে বিদ্যমান বিভক্তি নতুন করে প্রকাশ পেয়েছে।

এস এম/ ১৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language