মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুর গোপন সফর ফাঁসে ক্ষুব্ধ সংযুক্ত আরব আমিরাত

আবুধাবি, ১৫ মে – যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গোপন সফরের তথ্য জনসমক্ষে আসায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। বিষয়টি নিয়ে ইসরায়েল সরকারের কাছে দেশটি ইতিমধ্যে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয় যে নেতানিয়াহুর কার্যালয় থেকে সফরের তথ্যটি পরিকল্পিতভাবে ফাঁস করা হয়েছে বলে আমিরাত কর্তৃপক্ষ মনে করছে। আই২৪ নিউজের একটি সূত্র জানিয়েছে যে আমিরাতের কর্মকর্তারা একে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না। বরং তাদের মতে এটি নেতানিয়াহুর দপ্তরের পুরনো প্রবণতার অংশ।

তথ্য ফাঁসের এই ঘটনার কারণে আমিরাত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে যে ইসরায়েল প্রায়ই কূটনৈতিক গোপনীয়তা লঙ্ঘন করে থাকে। উল্লেখ্য যে ২০২০ সালে আব্রাহাম চুক্তির পর ইসরায়েলের সঙ্গে আমিরাতের আনুষ্ঠানিক সম্পর্ক তৈরি হলেও নেতানিয়াহুকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দেশটিতে আমন্ত্রণ জানানো হয়নি।

তবে বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী গত ২৬ মার্চ নেতানিয়াহু গোপন সফরে আমিরাতের আল-আইনে গিয়েছিলেন। ওই সময় ইরান এবং যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার প্রেক্ষাপটে গোয়েন্দা ও নিরাপত্তা সম্পর্ক জোরদারের লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হয়েছিল। ইসরায়েলের এমন আচরণ দুই দেশের পারস্পরিক আস্থার সংকটে ফেলছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

এস এম/ ১৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language