আইন-আদালত

সুপ্রিম কোর্ট নির্বাচনে ১৩ পদে নীল প্যানেলের নিরঙ্কুশ জয়

ঢাকা, ১৫ মে – সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে ১৪টি পদের মধ্যে ১৩টিতেই জয়লাভ করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল। সভাপতি ও সম্পাদকসহ গুরুত্বপূর্ণ সব পদেই নীল প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

অন্যদিকে জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল থেকে মাত্র একজন সদস্য পদে জয়ী হতে পেরেছেন।বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী মো. মিফতাহ উদ্দিন চৌধুরী।

ঘোষিত ফলাফলে দেখা যায়,

  • সভাপতি পদে নীল প্যানেলের এ এম মাহবুব উদ্দিন খোকন ২ হাজার ৯৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
  • তার প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের আবদুল বাতেন পেয়েছেন ৭৮৮ ভোট।
  • সম্পাদক পদে নীল প্যানেলের মোহাম্মদ আলী ২ হাজার ৫৮২ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম রেজাউল করিম খন্দকার পেয়েছেন ৭৮৬ ভোট।
  • সহ সভাপতির দুটি পদে বিজয়ী হয়েছেন নীল প্যানেলের মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। কোষাধ্যক্ষ পদে জয় পেয়েছেন মো. জিয়াউর রহমান।

এ ছাড়া সহ সম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল নির্বাচিত হয়েছেন। সদস্য পদে নীল প্যানেল থেকে ছয়জন প্রার্থী জয়ী হলেও একটি পদে জয় পেয়েছেন সবুজ প্যানেলের আজিম উদ্দিন পাটোয়ারী। গত ১৩ ও ১৪ মে সমিতির এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে ১১ হাজার ৯৭ জন ভোটারের মধ্যে ৪ হাজার ৪৮ জন ভোট প্রদান করেন। উল্লেখ্য যে সমিতির ইতিহাসে এবারই প্রথম আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের কোনো প্রার্থী নির্বাচনে অংশ নেননি। বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী তারা এই নির্বাচন থেকে বিরত ছিলেন।

এস এম/ ১৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language