ইউরোপ

ইউক্রেনীয় ড্রোন ঘিরে রাজনৈতিক সংকট, পদত্যাগ করলেন লাটভিয়ার প্রধানমন্ত্রী

রিগা, ১৪ মে – লাটভিয়ার ভূখণ্ডে ইউক্রেনীয় ড্রোন অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক সংকটের জেরে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী এভিকা সিলিনা। গত সপ্তাহে পূর্ব লাটভিয়ায় দুটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পর তিনি প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রিস স্প্রাদসকে বরখাস্ত করেন।

প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের প্রতিবাদে স্প্রাদসের রাজনৈতিক দল দ্য প্রগ্রেসিভস বর্তমান জোট সরকার থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়। এর ফলে আগামী অক্টোবর মাসে নির্ধারিত সাধারণ নির্বাচনের কয়েক মাস আগেই বর্তমান সরকার ভেঙে পড়েছে। পদত্যাগের ঘোষণা দিয়ে সিলিনা জানান, প্রতিরক্ষামন্ত্রী পদের জন্য যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও কেবল রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে একটি কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে।

তিনি পদত্যাগ করলেও হাল ছাড়ছেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। গত ৭ মে লাটভিয়ার আকাশসীমায় তিনটি ইউক্রেনীয় ড্রোন প্রবেশ করলে এই অস্থিরতার সূত্রপাত হয়। লাটভিয়া ও ইউক্রেন উভয় পক্ষই স্বীকার করেছে যে ড্রোনগুলো সম্ভবত রাশিয়াকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল কিন্তু সিগন্যাল জ্যামের কারণে পথভ্রষ্ট হয়ে লাটভিয়ায় প্রবেশ করে।

প্রধানমন্ত্রী সিলিনা উল্লেখ করেন যে শুধুমাত্র এই ড্রোন দুর্ঘটনা নয় বরং দেশের সামগ্রিক প্রতিরক্ষা খাতের অসংগতির কারণেই তিনি প্রতিরক্ষামন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন। এদিকে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর লাটভিয়ার প্রেসিডেন্ট এদগারস রিনকেভিকস দ্রুত নতুন সরকার গঠনের আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে আগামী ১৫ মে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ক্ষমতা গ্রহণ করা সিলিনা সরকার শুরু থেকেই ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জোরালো সমর্থন দিয়ে আসছিল।

এস এম/ ১৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language