ইউরোপ

কিয়েভে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৫

কিয়েভ, ১৪ মে – ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার চালানো শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪৪ জন। বুধবার রাতভর চালানো এই হামলায় একটি বহুতল আবাসিক ভবনের বড় একটি অংশ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো এবং স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে যে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পাঁচজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তবে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থার তথ্য অনুযায়ী, এখনও অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন। ইউক্রেনীয় সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, রাজধানীর পূর্বাঞ্চলীয় একটি আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সেখানে একটি শিশুসহ মোট সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের বিমান বাহিনীর দেওয়া তথ্যমতে, রাশিয়া এই অভিযানে ৫৬টি ক্ষেপণাস্ত্র এবং ৬৭৫টি আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে। এর মধ্যে ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো শক্তিশালী মারণাস্ত্র অন্তর্ভুক্ত ছিল।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ দাবি করেছে যে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ২৯টি এক্স ১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র, ১২টি ইস্কান্দার বা এস ৪০০ ক্ষেপণাস্ত্র এবং ৬৫২টি ড্রোন আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে পুরো ইউক্রেন জুড়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। তখন জানানো হয়েছিল যে, রাশিয়া মিগ ৩১ যুদ্ধবিমান মোতায়েন করেছে এবং দেশজুড়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রবল ঝুঁকি রয়েছে।

রাত ৩টার দিকে কিয়েভে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর হতে শুরু করে। হামলার একপর্যায়ে কিয়েভের দারনিৎস্কি জেলায় একটি আবাসিক ভবন আংশিক ধসে পড়ে। এছাড়া শহরের জ্বালানি অবকাঠামোও রাশিয়ার লক্ষ্যবস্তু ছিল বলে জানা গেছে।

ইউক্রেনের বেসরকারি বিদ্যুৎ কোম্পানি ডিটিইকে জানিয়েছে, হামলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্র এবং উচ্চক্ষমতার বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়র ক্লিচকো আরও জানান, এই হামলায় অন্তত ১৮টি অ্যাপার্টমেন্ট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে শহরের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

দিনিপ্রোভস্কি জেলায় একটি পাঁচতলা ভবনের ছাদে এবং সলোমিয়ানস্কি জেলায় একটি গাড়িতে আগুন ধরে যায়। ওবোলোনস্কি জেলায় একটি ১২তলা আবাসিক ভবন ও একটি অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে গত ১৩ মে তারিখেও ইউক্রেনজুড়ে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছিল রাশিয়া। সেই হামলায় শিশুসহ ১৪ জন নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছিলেন।

এস এম/ ১৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language