কুড়িগ্রাম

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি ও সর্বোচ্চ সতর্কতা জারি

কুড়িগ্রাম, ১৪ মে – কুড়িগ্রামের ১৯০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে বাহিনীটি বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তজুড়ে বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।

বাহিনীর জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রতিটি বর্ডার আউট পোস্ট বা বিওপি থেকে দিনরাত ২৪ ঘণ্টা কঠোর টহল পরিচালনা করা হচ্ছে। বিজিবি সূত্র অনুযায়ী, সীমান্তের গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েনসহ নজরদারি বাড়ানো হয়েছে।

যেকোনো সন্দেহজনক চলাচল বা গতিবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির প্রয়োজনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।

অধিনায়ক মোহাম্মদ মাহবুব উল হক আরও উল্লেখ করেন যে দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান বন্ধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে বাহিনীর এই বিশেষ তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এস এম/ ১৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language