শিক্ষা

এসএসসিতে ১০ ও এইচএসসিতে ১২ বছর স্কুলিং নিশ্চিতের লক্ষ্য শিক্ষামন্ত্রীর

ঢাকা, ১৩ মে – দশ বছরের মধ্যে মাধ্যমিক (এসএসসি) এবং বারো বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সিলেবাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ওয়ান গ্রিড সোলার প্রজেক্ট এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস কীভাবে সময়মতো শেষ করা যায় এবং সেশনজট এড়িয়ে শিক্ষাবর্ষকে সঠিক পথে রাখা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট না করে সঠিক সময়ে শিক্ষা জীবন শেষ করাই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি আরও উল্লেখ করেন যে শিক্ষার্থীদের জীবনে এসএসসি পাসের জন্য ১০ বছর এবং এইচএসসি পাসের জন্য ১২ বছর স্কুলিং নিশ্চিত করতে হবে। কোনোভাবেই যেন শিক্ষার্থীরা সেশনজটের কারণে পিছিয়ে না পড়ে সেদিকে কড়া নজর দেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এখন পরীক্ষা পদ্ধতি অনেক উন্নত হয়েছে এবং ভবিষ্যতে আরও সুন্দর ও শৃঙ্খলিতভাবে পরীক্ষা সম্পন্ন করার চেষ্টা চলছে। শিক্ষামন্ত্রী তার বক্তব্যে পাঠ্যসূচিতে ব্যাপক পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বিশ্বাস করেন দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং শিক্ষার্থীদের আরও দক্ষ করে তুলতে কারিকুলামে সংস্কার আনা জরুরি।

এস এম/ ১৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language