মাদকের সঙ্গে পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে ছাড় নেই: আইজিপি

ঢাকা, ১২ মে – বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে, পুলিশের কোনো সদস্য যদি মাদক ব্যবসার সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত থাকেন, তবে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।
আইজি’জ ব্যাজ, শিল্ড প্যারেড এবং অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রমের ওপর ভিত্তি করে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইজিপি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ পুলিশের আধুনিকায়নে ও উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাদের সেই প্রচেষ্টার কারণেই আজকের এই সুসংগঠিত পুলিশ বাহিনী গড়ে উঠেছে।
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, গত ১৭ বছর পুলিশ বাহিনীকে একটি পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করার চেষ্টা করায় সাধারণ জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব তৈরি হয়েছিল। বর্তমানে সেই জনবিচ্ছিন্নতা কাটিয়ে বাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধার এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার নিরলস প্রচেষ্টা চলছে। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন এ দেশের দেশপ্রেমিক পুলিশ সদস্যরা।
সেইসব বীর শহীদ এবং মানুষের কল্যাণে জীবন উৎসর্গকারী বিপ্লব পুলিশ সদস্যদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী ও বিশাল বাহিনী যা দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। মাদক সমস্যাকে বর্তমান যুব সমাজ ও জাতির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করে আইজিপি বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে।
তবে বাহিনীর কোনো সদস্য মাদক কারবারে জড়িত থাকলে তাকে কোনো রেহাই দেওয়া হবে না। ইতিমধ্যে বেশ কয়েকজন অভিযুক্ত সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে বলেও তিনি জানান। পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই সম্মাননা শুধু ব্যক্তিগত অর্জন নয় বরং এটি দায়িত্ববোধ এবং পেশাদারিত্বের প্রতীক। এই অর্জন পুলিশ সদস্যদের ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে। সবশেষে তিনি দেশ ও মানুষের কল্যাণে পুলিশ বাহিনীকে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এস এম/ ১২ মে ২০২৬









