দেশে হামের সংক্রমণ ও টিকা সংকট তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন

ঢাকা, ১২ মে – দেশে হামের প্রাদুর্ভাব এবং টিকার তীব্র সংকটসহ সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হামের বর্তমান সংকটের পেছনের মূল কারণ অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে এই কমিটি গঠিত হবে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ডা. জাহেদ উর রহমান আরও বলেন, হামে আক্রান্ত হয়ে ইতিমধ্যে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে যা অত্যন্ত উদ্বেগজনক।
কেন দেশে টিকার ঘাটতি তৈরি হলো এবং টিকাদান কর্মসূচিতে কোনো ধরনের গাফিলতি বা ত্রুটি ছিল কি না তা তদন্তে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তদন্ত কমিটির প্রতিবেদনে কোনো অনিয়ম বা কর্তব্যে অবহেলার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এস এম/ ১২ মে ২০২৬









