জাতীয়

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

ঢাকা, ১১ মে – বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা।

সোমবার সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ১৯৫। এই স্কোর অনুযায়ী মেগাসিটি ঢাকার বাতাসের মানকে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

একই সময়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হানোই। শহর দুটির স্কোর যথাক্রমে ১৫৭ ও ১৫৬। এছাড়া ১৩৭ ও ১৩০ স্কোর নিয়ে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে চীনের চেংডু এবং ইন্দোনেশিয়ার জাকার্তা। এই শহরগুলোর বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

বায়ুমানের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তাকে অস্বাস্থ্যকর বলা হয়। শূন্য থেকে ৫০ স্কোর ভালো এবং ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি হিসেবে গণ্য করা হয়। অন্যদিকে স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০০ এর বেশি স্কোরকে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

এই পরিস্থিতিতে শিশু ও বয়স্কদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরে যাওয়ার ক্ষেত্রে সর্তকতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এনএন/ ১১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language