জুলাই সনদ ও বর্তমান রাজনৈতিক সংকট নিয়ে মুখ খুললেন কর্নেল অলি আহমদ

চট্টগ্রাম, ১১ মে – লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমদ (বীর বিক্রম) দাবি করেছেন যে, গণভোটের মাধ্যমে দেশের ৭০ শতাংশ জনগণ জুলাই সনদকে বৈধতা দিলেও সরকার গঠনের পর বিএনপি সেই অবস্থান থেকে সরে এসেছে। তিনি মনে করেন, এই বিচ্যুতিই বর্তমান রাজনৈতিক সংকটের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।
রবিবার বিকেলে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রসঙ্গ টেনে অলি আহমদ বলেন, সেখানে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটানো হয়েছে। তিনি অভিযোগ করেন, বিজেপি নির্বাচনে জেতার পর থেকে সেখানে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নির্যাতন চালানো হচ্ছে। বিএনপি নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, চাটুকারদের বেষ্টনী থেকে বের হয়ে জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে। তিনি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মর্যাদা রক্ষায় নীতি ও নৈতিকতার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে অলি আহমদ বলেন, বিশ্ব বর্তমানে একটি যুদ্ধের দিকে এগোচ্ছে। এমন পরিস্থিতিতে দেশে সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।
তিনি সরকারকে এসব সমস্যার সমাধানে এবং দেশের উন্নয়নের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে দলীয়করণ সম্পূর্ণ বন্ধ করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনমনে অসন্তোষ সৃষ্টি হলে তা সামাল দেওয়া সরকারের জন্য কঠিন হবে বলে তিনি সতর্কবার্তা দেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান আলোচক ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির।
এনএন/ ১১ মে ২০২৬









