শ্রীলঙ্কায় আবারও ১৮ শতাংশ বাড়ছে বিদ্যুতের দাম

কাঠমুন্ডু, ১০ মে – মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাবে তাপবিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় ব্যয় বৃদ্ধি পাওয়ায় বিদ্যুতের দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা সরকার। দেশটির গণসেবা কমিশন (পিইউসি) জানিয়েছে, সোমবার থেকে গ্রাহকদের ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হবে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী যেসব গ্রাহক মাসে ১৮০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করবেন, কেবল তাদের ক্ষেত্রেই এই বর্ধিত বিল প্রযোজ্য হবে।
এর চেয়ে কম ব্যবহারকারীদের জন্য আগের হারই বহাল থাকবে। পিইউসি এক বিবৃতিতে জানিয়েছে, শিল্প কারখানা, হোটেল, বাণিজ্যিক ও সরকারি প্রতিষ্ঠান এবং নির্দিষ্ট সীমার বেশি বিদ্যুৎ ব্যবহারকারী ধর্মীয় উপাসনালয়গুলোর ওপর এই বর্ধিত দর কার্যকর হবে। ইরান ও ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে কয়েক দফায় দাম বাড়াল দ্বীপরাষ্ট্রটি।
এর আগে গত মাসেও দেশটিতে বিদ্যুতের দাম ৪০ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। জ্বালানি সরবরাহে সংকটের কারণে শ্রীলঙ্কায় তেলের দাম ইতিমধ্যে ৩৫ শতাংশের বেশি বেড়েছে। সরকারি তথ্যমতে, উচ্চ জ্বালানি মূল্যের কারণে এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে ৫ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। ২০২২ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার চেষ্টায় থাকা দেশটির জন্য এটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বিশ্বব্যাংকের তথ্যমতে, ২০২৩ সালে শক্তিশালী ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি হওয়ার পর আইএমএফের ২৯০ কোটি ডলারের বেলআউট প্যাকেজের সহায়তায় কলম্বো তাদের অর্থনীতি স্থিতিশীল করার চেষ্টা করছে। তবে জ্বালানির ক্রমবর্ধমান দাম সেই পুনরুদ্ধার প্রচেষ্টায় বড় বাধা তৈরি করছে।
এস এম/ ১০ মে ২০২৬









