ফুটবল বিশ্বকাপে নজর কাড়তে পারেন এশিয়ার যে চার উদীয়মান তারকা

ওয়াশিংটন, ১০ মে – আসন্ন ফিফা বিশ্বকাপে এশিয়া মহাদেশ থেকে ৯টি দেশ অংশগ্রহণ করতে যাচ্ছে। নিজ দেশের জার্সিতে বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণে মুখিয়ে আছেন এশিয়ার ফুটবলাররা। এশিয়ার অংশগ্রহণকারী দেশগুলোর বেশ কিছু প্রতিভাবান ফুটবলার এবার আলাদাভাবে নজর কাড়তে পারেন যারা ইতোমধ্যেই ক্লাব ফুটবলে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। জর্ডানের ফরোয়ার্ড ইব্রাহিম সাবরা এই তালিকায় অন্যতম প্রধান নাম।
নিজ দেশের আল ওয়েহদাত এসসি থেকে ক্যারিয়ার শুরু করে তিনি তুরস্কের ক্লাব গোজতেপেতে যোগ দিয়েছেন এবং পরবর্তীতে ক্রোয়েশিয়ান ক্লাব লোকোমোটিভ জাগরেবে ধারে খেলেছেন। জাতীয় দলের হয়ে পাঁচ ম্যাচে মাঠে নামা সাবরার মূল শক্তি হলো এরিয়াল ডুয়েল এবং ডি বক্সের ভেতর তার বুদ্ধিদীপ্ত অবস্থান। জর্ডানের আরেক প্রতিভাবান ফুটবলার ওদেহ আল ফাখুরি।
আল হুসেইন ইবরিদের হয়ে লিগ শিরোপা জেতার পর তিনি মিশরের পিরামিডস এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তার অসাধারণ গতি এবং অল্প জায়গায় বল নিয়ন্ত্রণের ক্ষমতা তাকে অনন্য করে তুলেছে। গত বছর ফিফা আরব কাপে জর্ডানের রানার্সআপ হওয়ার পেছনে ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডের বড় অবদান ছিল। অস্ট্রেলিয়ার নেস্টোরি ইরানকুন্ডা ইতোমধ্যেই ইউরোপের বড় ক্লাবগুলোর নজর কেড়েছেন।
অ্যাডিলেড ইউনাইটেড থেকে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া এই ফুটবলার বর্তমানে ওয়াটফোর্ডের হয়ে খেলছেন। অস্ট্রেলিয়ার হয়ে ১৩ ম্যাচে ৫ গোল করা ইরানকুন্ডা ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে প্রতিপক্ষকে পরাস্ত করতে অত্যন্ত পারদর্শী।
কাতারের আহমেদ আল রাউইও এবারের বিশ্বকাপে বড় চমক হতে পারেন। অ্যাস্পায়ার একাডেমি থেকে উঠে আসা এই ফরোয়ার্ড স্পেনের আলকোরকোনে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন এবং বর্তমানে কাতার এসসির হয়ে খেলছেন। তার ক্ষিপ্রতা এবং গোল করার নিখুঁত দক্ষতা কাতারের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
এস এম/ ১০ মে ২০২৬









