ভারতের আসামে জোড়া ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশেও

ঢাকা, ৯ মে – ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা-মানকাচার এলাকায় পরপর দুই দফা ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার বিকেলে অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে সংঘটিত হয়।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪ এবং এর উৎপত্তিস্থল ছিল আসামের ধুবরি এলাকা থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে। প্রথম কম্পনের প্রায় ৩৭ মিনিট পর বিকেল ৩টা ১৭ মিনিটে একই অঞ্চলে দ্বিতীয়বার ভূমিকম্প আঘাত হানে। ৩ দশমিক ৬ মাত্রার এই কম্পনের উৎপত্তিস্থল ছিল বোঙ্গাইগাঁও এলাকা থেকে প্রায় ৪৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
উভয় ভূমিকম্পের সঠিক গভীরতা প্রাথমিকভাবে জানা না গেলেও এগুলো অগভীর ছিল বলে ধারণা করা হচ্ছে। সাধারণত অগভীর ভূমিকম্পের ফলে উৎপত্তিস্থল ও আশপাশের এলাকায় কম্পন বেশি অনুভূত হয়। আসামের এই ভূমিকম্পের জেরে বাংলাদেশের উত্তরাঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
এস এম/ ৯ মে ২০২৬









