রংপুরে প্রি-পেইড মিটার বন্ধ না হলে হরতাল ও অবরোধের হুঁশিয়ারি

রংপুর, ৯ মে – রংপুরে জনমতকে উপেক্ষা করে প্রি-পেইড মিটার স্থাপনের কার্যক্রম বন্ধ করা না হলে হরতাল ও অবরোধের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন মহানগর নাগরিক কমিটির নেতারা। শনিবার দুপুরে রংপুর জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক গণঅবস্থান কর্মসূচি থেকে বক্তারা এই ঘোষণা দেন।
মহানগর নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বিক্ষোভকারীরা নেসকো কর্তৃপক্ষকে প্রতীকী লাল কার্ড প্রদর্শন করেন এবং বিভিন্ন গানের মাধ্যমে প্রি-পেইড মিটার স্থাপনে গ্রাহকদের ভোগান্তি ও হয়রানির চিত্র তুলে ধরেন।
অবস্থান কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন যে গ্রাহকদের তীব্র আপত্তি থাকা সত্ত্বেও বিদ্যুৎ বিভাগ সারা দেশের বাসাবাড়ি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে জবরদস্তিমূলকভাবে এই মিটার স্থাপন করছে। বিদ্যুৎ চুরি ও অপচয় রোধের কথা বলা হলেও মূলত কর্তৃপক্ষের নিজস্ব ব্যর্থতার দায়ভার গ্রাহকদের ওপর চাপিয়ে দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নেতৃবৃন্দ দাবি করেন যে বিদ্যুৎ আইনের ৫৬ ধারা অনুযায়ী কোনো গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হলে অন্তত ১৫ দিন আগে নোটিশ দেওয়া বাধ্যতামূলক। কিন্তু প্রি-পেইড মিটার পদ্ধতিতে কার্ডের টাকা শেষ হওয়ার সাথে সাথেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যা বিদ্যমান আইনের পরিপন্থী। বর্তমানে উচ্চ আদালতে এই মিটার স্থাপনের বিরুদ্ধে একটি রিট পিটিশন বিচারাধীন রয়েছে। এই রিট নিষ্পত্তি হওয়ার আগেই বিদ্যুৎ বিভাগ হয়রানিমূলকভাবে কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন নেতারা।
এস এম/ ৯ মে ২০২৬









