সাম্রাজ্যবাদী চিন্তার কোনো স্থান হবে না: ইরানের প্রেসিডেন্ট

তেহরান, ৯ মে – ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সাম্রাজ্যবাদী চিন্তাধারা ও শোষণের নীতির জন্য ভবিষ্যতের বিশ্বে কোনো জায়গা হবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এই মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন যে, ইরানের পররাষ্ট্রনীতি পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার নীতিতে অটল।
পেজেশকিয়ান বলেন, সাম্রাজ্যবাদী মানসিকতা ও শোষণের রাজনীতি আগামী পৃথিবীর বাস্তবতায় টিকে থাকতে পারবে না। তার মতে, সহনশীলতা ইরানি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও বলেন, নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম ইরানের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এবং দেশের অগ্রগতি ও জাতীয় পরিচয় রক্ষার এই ধারা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগজি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, যখনই কোনো কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয়, তখনই যুক্তরাষ্ট্র দায়িত্বহীন সামরিক পথ বেছে নেয়। আরাগজি প্রশ্ন তোলেন, এটি কি নিছক চাপ প্রয়োগের কৌশল নাকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন কোনো জটিল সংঘাতে জড়িয়ে ফেলার চেষ্টা।
এস এম/ ৯ মে ২০২৬









