জাতীয়

যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে

ঢাকা, ৯ মে – যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে।

শনিবার সকাল ৯টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এর আগে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মরদেহটি ঢাকার উদ্দেশে পাঠানো হয়েছিল। মরদেহ বিমানে তোলার সময় মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

একই ঘটনায় নিহত অপর শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে দেশে পৌঁছায়।

এদিকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নিহত এই দুই মেধাবী শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের এই সম্মাননা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি পরিবারের পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক জামিল আহমেদ লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন।

গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হওয়ার পর তদন্তে নামে পুলিশ। পরবর্তীতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। অভিযুক্ত আবুঘরবেহর বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এনএন/ ৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language