মোহাম্মদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ সদস্য গ্রেপ্তার

ঢাকা, ৮ মে – রাজধানীর মোহাম্মদপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের একটি ঝটিকা মিছিল থেকে মো. খোকন কাজী নামে এক যুবলীগ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে মোহাম্মদপুর থানাধীন গণভবন ক্রসিং মোড় এলাকায় এই মিছিলের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি দল গণভবন ক্রসিং মোড় থেকে ইকবাল রোডের দিকে মিছিল বের করে। খবর পেয়ে মোহাম্মদপুর থানার টহল দলের উপ-পরিদর্শক রাজু আহমেদ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ আন্দোলনকারী পালিয়ে গেলেও হাতেনাতে গ্রেপ্তার হন খোকন কাজী।
ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার খোকন কাজী ভোলা জেলার লালমোহন থানার চর টিটিয়া এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়েছে যেখানে সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের ছবি সংবলিত বিক্ষোভ মিছিলের কথা উল্লেখ ছিল।
বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এনএন/ ৮ মে ২০২৬









