আল-আকসা মসজিদে ফিলিস্তিনের দুই শীর্ষ নেতার প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞা

গাজা, ৮ মে – ফিলিস্তিনের ইসলামী আন্দোলনের দুই শীর্ষ নেতার ওপর আল-আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল। দখলদার ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ছয় মাস শেখ রায়েদ সালাহ এবং শেখ কামাল খতিব আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইসরায়েলি পুলিশের জেরুজালেম জেলা কমান্ডার অ্যাভশোলিম পেলেদ এই আদেশে স্বাক্ষর করেছেন। আদেশের তথ্যানুযায়ী, ২০২৬ সালের ২৭ এপ্রিল থেকে ২৭ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে যে, বিশেষ অনুমতি ব্যতীত তারা আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ বা সেখানে অবস্থান করতে পারবেন না।
মূলত ১৯৭১ সালের ইসরায়েলি পুলিশ বিধিমালার একটি ধারা ব্যবহার করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞার বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শেখ কামাল খতিব। তিনি অভিযোগ করেন যে, ২০১৫ সালে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণার পর থেকেই সংগঠনের নেতাদের ওপর ধারাবাহিক দমন-পীড়ন চালিয়ে আসছে ইসরায়েল।
তার মতে, নিরাপত্তার যে অজুহাত দেওয়া হচ্ছে তার কোনো বাস্তব ভিত্তি নেই। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনি ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের ওপর আল-আকসা মসজিদে প্রবেশে প্রায়ই এ ধরনের বিধিনিষেধ আরোপ করা হচ্ছে যা ওই অঞ্চলে নতুন করে উত্তেজনার সৃষ্টি করছে।
এস এম/ ৮ মে ২০২৬









