পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে সাংবিধানিক সংকট ও সহিংসতার আশঙ্কা: জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন

কলকাতা, ৭ মে – পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরবর্তী পরিস্থিতিতে রাজ্যজুড়ে চরম উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটছে। গত কয়েক দিনে সংঘাতের জেরে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ ছাড়াও রয়েছেন আবির শেখ, যাদব বর, মধু মণ্ডল ও বিশ্বজিৎ পট্টনায়েক।

নির্বাচনী ফলাফল পরবর্তী এই সংঘাতের রেশ কাটতে না কাটতেই এখন নতুন এক সাংবিধানিক সংকটের দিকে এগোচ্ছে রাজ্য। নির্বাচনের ফলাফল প্রকাশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় মেনে নিয়ে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী বর্তমান সরকারের মেয়াদ আজ বৃহস্পতিবার রাত ১২টায় শেষ হতে যাচ্ছে।

নির্ধারিত সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে রাজ্যে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মনে করছেন আইনজ্ঞরা। সাধারণত পরাজয় নিশ্চিত হওয়ার পর বিদায়ী মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন এবং নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজ অবস্থানে অনড় থাকলে আগামীকাল শুক্রবার থেকে রাজ্যে ২৪ ঘণ্টার জন্য রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে।

আগামী ৯ মে শনিবার রবীন্দ্র জন্মজয়ন্তীর দিন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের ঘোষণা দিয়েছে বিজেপি। এর আগে অন্তর্বর্তীকালীন সময়টুকুতে প্রশাসনিক নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। সংবিধানের ১৭২ অনুচ্ছেদ অনুযায়ী মেয়াদের পর বর্তমান সরকার আর এক মুহূর্তের জন্যও ক্ষমতায় থাকতে পারে না। ভারতের প্রবীণ আইনজীবী হরিশ সালভে জানিয়েছেন যে রাজ্যপাল বর্তমান মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করতে পারেন। পদত্যাগ না করলে সংবিধান অনুযায়ী স্বল্প সময়ের জন্য হলেও রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না।

এস এম/ ৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language