তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে নাটকীয়তা: এখনই শপথ নিচ্ছেন না থালাপতি বিজয়

চেন্নাই, ৭ মে – সদ্য সমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সবচেয়ে বেশি আসন লাভ করেছে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলাগা ভেত্রি কাজাগাম।
দলের পক্ষ থেকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ নেওয়ার ঘোষণা থাকলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে গিয়েছে। মূলত সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে এখনো সমর্থ না হওয়ায় এই বিলম্ব বলে জানা গেছে।
রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর বর্তমান পরিস্থিতিতে বিজয়ের হাতে প্রয়োজনীয় জনবল আছে বলে মনে করছেন না।
সংশ্লিষ্ট সূত্র মারফত জানা গেছে, কংগ্রেসের সমর্থন ও অন্যান্য নির্দলীয় সদস্যদের সাথে আলোচনার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে টিভিকের আরো এক থেকে দুই দিন সময় লাগতে পারে। এরই মধ্যে রাজ্যপাল বিধানসভা ভেঙে দিয়ে তার অতিরিক্ত দায়িত্ব পালনে কেরালা সফরে গিয়েছেন।
এর আগে বুধবার বিজয় ও তার দলের সাধারণ সম্পাদক আধভ অর্জুন রাজ্যপালের সাথে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি পেশ করেন। তামিলনাড়ু বিধানসভার ১১৮টি আসনের লক্ষ্যমাত্রার বিপরীতে বিজয়ের দল পেয়েছে ১০৮টি আসন। কংগ্রেসের পাঁচটি আসনের সমর্থন নিয়ে এই সংখ্যা ১১২ তে দাঁড়ালেও এখনো ৬টি আসনের ঘাটতি রয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে বাম দলগুলো এবং অন্যান্য ছোট দলগুলো তাদের পরবর্তী পদক্ষেপ নির্ধারণে শুক্রবার পর্যন্ত সময় চেয়েছে। বর্তমানে ডিএমকে ৫৯টি এবং এআইএডিএমকে ৪৭টি আসনে জয়ী হয়ে বিরোধী শিবিরের শক্ত অবস্থানে রয়েছে।
এনএন/ ৭ মে ২০২৬









