সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

ঢাকা, ৬ মে – ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জামায়াত জোটের প্রার্থী নুসরাত তাবাসসুম। বুধবার দুপুর ১২টায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য প্রথা অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন। এই অনুষ্ঠানে সংসদের ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২১ এপ্রিল সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত ছিল বিকেল ৪টা পর্যন্ত। তবে নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশন তা গ্রহণে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে তিনি আইনি লড়াইয়ের জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হন।
আদালতের নির্দেশে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র গ্রহণ ও যাচাই-বাছাই শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
এস এম/ ৬ মে ২০২৬









