ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

ঢাকা, ৫ মে – আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৩ মে থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ে কর্তৃপক্ষের সাম্প্রতিক এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৩ মে দেওয়া হবে ২৩ মে যাত্রার টিকিট।
এছাড়া ১৪ মে দেওয়া হবে ২৪ মে যাত্রার টিকিট এবং ১৫ মে দেওয়া হবে ২৫ মে যাত্রার টিকিট। ১৬ মে পাওয়া যাবে ২৬ মে যাত্রার টিকিট এবং ১৭ মে তারিখে দেওয়া হবে ২৭ মে যাত্রার অগ্রিম টিকিট। টিকিট সংগ্রহ প্রক্রিয়া সহজ করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের সকল ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।
বরাবরের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। একজন যাত্রী ঈদযাত্রার আগাম ও ফিরতি টিকিটের ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে এবং প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করার সুযোগ পাবেন। তবে রেলওয়ের বিশেষ সিদ্ধান্ত অনুযায়ী ঈদের এই অগ্রিম ও ফিরতি টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না।
এস এম/ ৫ মে ২০২৬









