ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা ১৭ মে

ঢাকা, ৫ মে – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ মে নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা ছিল। তবে তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এই তারিখ ধার্য করেন।
গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ওসমান হাদি। এই ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন। উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরবর্তীতে ২০ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে চার্জশিটে হত্যার ধারা সংযোজনের নির্দেশ দেন আদালত। এর আগে গত ৬ জানুয়ারি ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে ডিবির চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে নারাজি আবেদন করেন মামলার বাদী। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেন।
এস এম/ ৫ মে ২০২৬









