জাতীয়

তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ চীন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

ঢাকা, ৫ মে – পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ মঙ্গলবার দুপুরে চীনের বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটিই তার প্রথম বেইজিং সফর। সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এই সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং দুই দেশের কৌশলগত যোগাযোগ আরও শক্তিশালী করা। বিশ্লেষকরা মনে করছেন, গত এপ্রিল মাসের শুরুতে পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের এক মাসের মাথায় এই চীন সফরটি আঞ্চলিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা।

সফরের দ্বিতীয় দিন অর্থাৎ বুধবার বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সংশ্লিষ্ট সূত্রমতে, বৈঠকে জ্বালানি সংকট নিরসন, দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য বৃদ্ধি এবং মোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। এছাড়া চীনে কাঁঠাল রপ্তানি, গুয়াংজু থেকে চট্টগ্রাম এবং সাংহাই থেকে চট্টগ্রামের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপন, চীনা শিল্প বাংলাদেশে স্থানান্তর এবং রোহিঙ্গা সংকট সমাধানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার পাবে।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নিজেদের প্রার্থিতার পক্ষে চীনের সক্রিয় সমর্থন চাওয়া হতে পারে। অন্যদিকে, বাংলাদেশের প্রধান উন্নয়ন অংশীদার হিসেবে চীন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সহযোগিতা বৃদ্ধি এবং গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের আওতায় সম্পর্ক সম্প্রসারণে গুরুত্ব দেবে।

পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফর নিয়েও চূড়ান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী জুনের মাঝামাঝি বা জুলাইয়ের প্রথমার্ধের মধ্যে প্রধানমন্ত্রী বেইজিং সফর করবেন। রোহিঙ্গা ইস্যু ছাড়াও মিয়ানমার পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে। সফরকালে খলিলুর রহমান চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গেও সৌজন্য বৈঠকে মিলিত হবেন।

এনএন/ ৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language