জাতীয়

২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু

ঢাকা, ৪ মে – দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আশঙ্কাজনক তথ্য জানানো হয়। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত দেশে মোট হাম সন্দেহে মৃত্যু হয়েছে ২৫৯ জনের।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে ২ জনের নিশ্চিত হাম ছিল এবং বাকি ১৫ জন ছিলেন হামের লক্ষণযুক্ত। গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৯৩ জনে। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩০২ জন।

নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১৫৪ জন এবং মে মাসের ৪ তারিখ পর্যন্ত এই সংখ্যা ৫ হাজার ৪৬৭ জনে পৌঁছেছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সময়ের মধ্যে মোট ২৮ হাজার ৮৪২ জন রোগী হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ২৫ হাজার ১৫১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে।

এস এম/ ৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language