ক্রিকেট

এশিয়া কাপে ভারতের হ্যান্ডশেক না করা নিয়ে মুখ খুললেন সালমান আগা

ইসলামাবাদ, ২ মে – গত এশিয়া কাপে ভারত ও পাকিস্তান ক্রিকেট দলের মধ্যকার হ্যান্ডশেক না করার বিষয়টি নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন সালমান আলী আগা। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সেই আসরে দুই দলের মধ্যে তিনবার ম্যাচ অনুষ্ঠিত হলেও ভারতীয় ক্রিকেটাররা একবারও করমর্দন করেননি।

এমনকি ম্যাচের পর সালমান সতীর্থদের নিয়ে ভারতীয় ড্রেসিংরুমে সৌজন্য বিনিময়ের জন্য গেলেও তাদের ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। টসের ঠিক আগে ম্যাচ রেফারি সালমানকে জানিয়েছিলেন যে ওইদিন কোনো হ্যান্ডশেক হবে না।

ভারতের এমন অবস্থানের কারণ হিসেবে কাশ্মীরের পেহেলগামে সংঘটিত একটি ঘটনার প্রেক্ষিতে শোক পালনের কথা বলা হয়েছিল। তবে গণমাধ্যমের দাবি অনুযায়ী বিসিসিআইয়ের সরাসরি নির্দেশেই সূর্যকুমার যাদবের দল এমন সিদ্ধান্ত নিয়েছিল।

সালমান আগা মনে করেন খেলার মাঠে এই ধরনের আচরণ তরুণ প্রজন্মের কাছে ভুল বার্তা পৌঁছে দেয়। রোল মডেল হিসেবে ক্রিকেটারদের এমন বিমুখতা ক্লাব ক্রিকেটেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তিনি মন্তব্য করেন।

এস এম/ ২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language