এশিয়া

মিয়ানমারে অং সান সু চির কারাদণ্ড আবারও কমানো হলো

নেপিদো, ৩০ এপ্রিল – মিয়ানমারের সামরিক জান্তা সরকার কারাবন্দি সাবেক নেত্রী অং সান সু চির কারাদণ্ডের মেয়াদ আবারও হ্রাস করেছে। বৃহস্পতিবার সু চির আইনি দলের একজন সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে যে, মিয়ানমারের সাবেক এই নেত্রীর মোট কারাদণ্ড আরও এক ষষ্ঠাংশ কমানো হয়েছে। গত দুই সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয়বারের মতো সাজা কমানোর ঘটনা।

মূলত সরকারের পক্ষ থেকে ঘোষিত সাধারণ ক্ষমার অংশ হিসেবে সব বন্দিদের সাজা কমানোর সিদ্ধান্ত নিয়েছে জান্তা কর্তৃপক্ষ। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই অং সান সু চি আটক রয়েছেন। বিভিন্ন অভিযোগে তাকে প্রাথমিকভাবে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এরপর বিভিন্ন সময়ে ধাপে ধাপে তার সাজা কমানো হয়।

তবে সাজা কমানোর পরেও এই নোবেল বিজয়ীকে এখনো ১৮ বছরের বেশি সময় কারাগারে অতিবাহিত করতে হবে বলে জানিয়েছেন তার আইনি দলের একজন সদস্য। বর্তমানে অং সান সু চি ঠিক কোথায় অবস্থান করছেন বা তার শারীরিক অবস্থা কেমন, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাকে বর্তমানে একটি অজ্ঞাত স্থানে বন্দি করে রাখা হয়েছে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তার আইনি দল বা পরিবারের সদস্যদের সরাসরি সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি।

এস এম/ ৩০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language