বাংলাদেশ পুলিশে বড় রদবদল: অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১২ কর্মকর্তার বদলি

ঢাকা, ৩০ এপ্রিল – বাংলাদেশ পুলিশের ১২ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। বৃহস্পতিবার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এই বদলি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রজ্ঞাপনে জানানো হয় যে সাতক্ষীরা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার মকবুল হোসেনকে কুষ্টিয়ায় একই পদে বদলি করা হয়েছে। ঢাকা এপিবিএন ১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবালকে এপিবিএন ৫ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে এপিবিএন ১২ এর অধিনায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে। অন্যদিকে এপিবিএন ১৩ এর অধিনায়ক মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। র্যাবের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান এবং মো. খালিদুল হক হাওলাদারকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে নৌ পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার নুসরাত জাহান মুক্তাকে এসবির অতিরিক্ত পুলিশ সুপার পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্য এক প্রজ্ঞাপনে ঢাকার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার শামীমা পারভীনকে ঢাকার পুলিশ সুপার পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার এবং ডিএমপির উপ পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এস এম/ ৩০ এপ্রিল ২০২৬









