জাতীয়

ডিসইনফরমেশন প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: তথ্য উপদেষ্টা

ঢাকা, ২৮ এপ্রিল – প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন যে, সরকার মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) প্রতিরোধে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করবে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। উপদেষ্টা বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত ডিসইনফরমেশন ভিত্তিক কোনো ফটোকার্ড সরকার বরদাশত করবে না।

তিনি বিশ্বাস করেন যে সরকারের অনড় অবস্থানের ফলে এই নেতিবাচক প্রবণতা ক্রমান্বয়ে হ্রাস পাবে। যারা অতীতে এ ধরনের বিভ্রান্তি ছড়িয়েছে, তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। দেশে জঙ্গিবাদ পরিস্থিতি নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন যে, এই বিষয়ে সমাজে দুটি বিপরীতমুখী আলোচনা প্রচলিত আছে। কেউ মনে করেন দেশ জঙ্গিতে পূর্ণ, আবার কেউ মনে করেন কোনো জঙ্গি নেই।

তবে সরকার মনে করে এই দুটি ধারণাই সঠিক নয়। দেশে জঙ্গিবাদের একটি সুপ্ত প্রবণতা থাকলেও সরকার তা কঠোরভাবে নিয়ন্ত্রণে সচেষ্ট রয়েছে। এছাড়া হামের টিকার কার্যকারিতা ও ব্যবস্থাপনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে, যাদের অবহেলার কারণে শিশুদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।

এস এম/ ২৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language