ফিফা বিশ্বকাপে হলুদ কার্ডের নিয়মে বড় পরিবর্তনের আভাস

ওয়াশিংটন, ২৮ এপ্রিল – আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে হলুদ কার্ডের কারণে খেলোয়াড়দের নিষেধাজ্ঞার নিয়মে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, ফিফার নতুন পরিকল্পনায় দুটি বিশেষ অ্যামনেস্টি বা কার্ড বাতিলের ধাপ যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে গ্রুপ পর্ব শেষে এবং কোয়ার্টার ফাইনালের পর আগের সব হলুদ কার্ডের হিসাব বাতিল হয়ে যাবে। বর্তমানে প্রচলিত নিয়ম অনুযায়ী, একটি দল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছালে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পায়।
এই ম্যাচগুলোর মধ্যে পরপর দুই ম্যাচে কোনো খেলোয়াড় হলুদ কার্ড দেখলে তাকে পরবর্তী এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। তবে আগামী বিশ্বকাপে দলের সংখ্যা বেড়ে ৪৮টি হওয়ায় টুর্নামেন্টের পরিধিও বাড়ছে। নতুন ফরম্যাটে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছাতে একটি দলকে ছয়টি ম্যাচ খেলতে হবে, যা খেলোয়াড়দের জন্য নিষেধাজ্ঞার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। ফিফা মনে করছে, বিদ্যমান নিয়ম বজায় রাখলে অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় সেমিফাইনালের মতো বড় ম্যাচগুলো থেকে ছিটকে যেতে পারেন।
তাই টুর্নামেন্টের আকর্ষণ বজায় রাখতে কার্ডের নিয়মে শিথিলতা আনার কথা ভাবা হচ্ছে। নতুন প্রস্তাবে নিষেধাজ্ঞার জন্য আগের মতোই দুটি হলুদ কার্ডের শর্ত বহাল থাকলেও নির্দিষ্ট ধাপ শেষে কার্ড বাতিল করার ফলে খেলোয়াড়দের ওপর চাপ কমবে। প্রস্তাব অনুযায়ী, কোনো খেলোয়াড়কে নিষিদ্ধ হতে হলে তাকে হয় গ্রুপ পর্বের তিনটি ম্যাচের মধ্যে দুটিতে হলুদ কার্ড পেতে হবে, অথবা নকআউট পর্বের ৩২ দলের লড়াই থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ম্যাচগুলোর মধ্যে দুটিতে কার্ড দেখতে হবে। এই গুরুত্বপূর্ণ বিষয়টি কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠেয় ফিফা কাউন্সিল সভায় আলোচনার জন্য উত্থাপন করা হবে বলে জানা গেছে।
এস এম/ ২৮ এপ্রিল ২০২৬









